বুকমার্ক

১৭ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের চ্যাটজিপিটির সঠিক ব্যবহার ও সতর্কতা

  

শিক্ষার্থীদের চ্যাটজিপিটির সঠিক ব্যবহার ও সতর্কতা   

মনির আহমেদ (Collection From "The Daily Amar Desh" প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১১: ৪৭

বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তি শিক্ষা গ্রহণের অন্যতম প্রধান উপাদান হয়ে উঠেছে। তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে শিক্ষা গ্রহণের পদ্ধতিতে এসেছে ব্যাপক পরিবর্তন। একসময়ে কোনো বিষয় বুঝতে না পারলে শিক্ষার্থীদের পাঠ্যবই, গাইডবই, লাইব্রেরি কিংবা শিক্ষকের ওপর নির্ভর করতে হতো। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেই শেখার জগতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এ ক্ষেত্রে চ্যাটজিপিটি একটি উল্লেখযোগ্য প্রযুক্তি, যা শিক্ষার্থীদের যেকোনো প্রশ্নের উত্তর দিতে, কঠিন বিষয়বস্তু সহজভাবে বুঝতে, অনুশীলন করতে এবং নিজস্ব চিন্তনক্ষমতা ও দক্ষতা বিকাশে সহায়তা করতে পারে। এর সঠিক ব্যবহার শিক্ষার্থীদের জ্ঞান অর্জন, বিশ্লেষণী ক্ষমতা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীরা চ্যাটজিপিটিকে কীভাবে শেখার সহায়ক উপকরণ হিসেবে ব্যবহার করতে পারে, সে সম্পর্কে আলোচনা করা হলো।

ব্যক্তিগত শিক্ষাসহায়ক হিসেবে ব্যবহার

শ্রেণিকক্ষে সব শিক্ষার্থীর শেখার গতি ও বোঝার ক্ষমতা একরকম নয়। শ্রেণিকক্ষের বাইরে চ্যাটজিপিটি শিক্ষার্থীদের নিজস্ব গতিতে অনুশীলনের সুযোগ দিতে পারে। কোনো উত্তর বুঝতে অসুবিধা হলে বারবার প্রশ্ন করা, উদাহরণসহ সহজ ব্যাখ্যা চাওয়া যেতে পারে। এভাবে শিক্ষার্থী নিজের দুর্বলতা চিহ্নিত করে বিভিন্নভাবে সমস্যার সমাধান খুঁজে পেতে পারে। তবে চ্যাটজিপিটি কোনোভাবেই শিক্ষকের বিকল্প হতে পারে না; বরং শিক্ষক, পাঠ্যবই ও অন্যান্য নির্ভরযোগ্য উপকরণের সহায়ক হিসেবে এটি ব্যবহার করাই যুক্তিযুক্ত।

পরীক্ষার প্রস্তুতি ও অনুশীলন

পরীক্ষার প্রস্তুতিতে শিক্ষার্থীরা অধ্যায়ভিত্তিক অনুশীলনী, বহুনির্বাচনি প্রশ্ন (এমসিকিউ), সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্ন এবং মডেল টেস্ট তৈরি করতে চ্যাটজিপিটির সহায়তা নিতে পারে। শিক্ষার্থী নিজে উত্তর দেওয়ার পর সঠিক উত্তর যাচাই, সম্ভাব্য ভুল নির্ণয় ও সংশোধনের উপায় এবং যুক্তির দুর্বলতা ও উন্নতির বিষয়ে পরামর্শ চাইতে পারে। তবে এসব প্রশ্নকে শিক্ষাপ্রতিষ্ঠান বা শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক প্রশ্ন কিংবা নিশ্চিত সাজেশন হিসেবে বিবেচনা করা উচিত নয়। মূল পাঠ্যক্রম ও নির্ধারিত পাঠ্যবইয়ের আলোকে প্রস্তুতি নিতে হবে।

ভাষাশিক্ষা ও লেখার দক্ষতা বৃদ্ধি

বাংলা ও ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে শব্দের অর্থ, বাক্যগঠন, ব্যাকরণ, অনুবাদ, সারাংশ ও অনুচ্ছেদ তৈরি এবং লেখার অনুশীলনে চ্যাটজিপিটি সহায়ক হতে পারে। নিজের লেখার ব্যাকরণগত ভুল শনাক্ত করতে এবং সংশোধনের কারণ ও সম্ভাব্য সঠিক রূপ জানতে চাওয়া যায়। এতে ভুল সংশোধনের পাশাপাশি ভাষার ব্যবহার সম্পর্কে ধারণা বৃদ্ধি পায়। এমনকি নতুন কোনো ভাষা শেখার সুযোগও তৈরি হয়। তবে অন্যের লেখা হুবহু ব্যবহার না করে নিজের ভাষায় লেখার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থী নিজস্ব প্রকাশভঙ্গি ও সৃজনশীলতা বিকাশ করতে পারে।

গণিত, বিজ্ঞান ও প্রযুক্তিশিক্ষায় সহায়তা

কোনো গাণিতিক সমস্যা ধাপে ধাপে সমাধান করতে, পদার্থবিজ্ঞানের সূত্রের প্রয়োগ জানতে, রসায়নের বিক্রিয়া ব্যাখ্যা করতে, জীববিজ্ঞানের জটিল প্রক্রিয়া কিংবা কোনো প্রাণী বা উদ্ভিদের ব্যবচ্ছেদ পদ্ধতি সম্পর্কে ধারণা পেতে এবং প্রযুক্তির জটিল বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জনে চ্যাটজিপিটি ব্যবহার করা যায়। প্রোগ্রামিং শেখার সময় কোডের প্রতিটি অংশের কাজ, সম্ভাব্য ত্রুটি এবং সংশোধনের পদ্ধতি সম্পর্কে ব্যাখ্যা চাওয়া যেতে পারে। তবে গণিতের ফলাফল, বৈজ্ঞানিক তথ্য ও প্রোগ্রামের কার্যকারিতা নির্ভরযোগ্য উৎস বা বাস্তব পরীক্ষার মাধ্যমে যাচাই করা উচিত। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা কখনো কখনো ভুল বা বিভ্রান্তিকর উত্তর দিতে পারে।

সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা।

বিজ্ঞান প্রকল্প, বিতর্ক, উপস্থাপনা, গবেষণার প্রাথমিক পরিকল্পনা কিংবা সামাজিক ও পরিবেশগত সমস্যা নিয়ে নতুন ধারণা খুঁজতে চ্যাটজিপিটির সহায়তা নেওয়া যেতে পারে। শিক্ষার্থীরা কোনো সমস্যার একাধিক সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করে সেগুলোর সুবিধা-অসুবিধা তুলনা করতে পারে। তবে চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তার উত্তরকে সর্বদা চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে না ধরে প্রস্তাবিত ধারণাগুলো যাচাই, বিশ্লেষণ ও বাস্তবতার আলোকে মূল্যায়ন করে নিজস্ব ধারণা ও চিন্তাশক্তিকে প্রাধান্য দেওয়া উচিত।

লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বাংলাদেশ বিমানবাহিনী শাহীন কলেজ, ঢাকা।

পড়া হয়েছে: 0%

পড়ার জন্য ধন্যবাদ।

কোন মন্তব্য নেই:

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শিক্ষার্থীদের চ্যাটজিপিটির সঠিক ব্যবহার ও সতর্কতা

   শিক্ষার্থীদের চ্যাটজিপিটির সঠিক ব্যবহার ও সতর্কতা    মনির আহমেদ (Collection From "The Daily Amar Desh" প্রকাশ : ১৭ নভেম্বর...

জনপ্রিয় লেখা সমূহ